জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক নূরুল ইসলামকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় ন্যায়নীতি, স্বচ্ছতা ও নিয়মের প্রতি গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, প্রশাসনের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে অধ্যাপক নূরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। তার ভাষ্য, অন্যায় প্রতিরোধের যে প্রত্যয় তৈরি হয়েছিল, তা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।
নতুন উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান।
নিজের প্রশাসনের ধরন সম্পর্কে তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন প্রশাসন হবে অংশগ্রহণমূলক। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় নীতিমালা এবং ন্যায্যতা অনুসরণকে গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার মান উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন অধ্যাপক নূরুল ইসলাম। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের কাছ থেকে পরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
সদ্য সংবাদ/এসএস