পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও প্রায় ৩১ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরক বহনকারী একটি যান নিয়ে হামলাকারী চেকপোস্টে আঘাত হানে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা নিরাপত্তা সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। সংগঠনটি দেশটিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে। এসব ঘটনার সঙ্গে টিটিপির পাশাপাশি বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বিএলএর নামও বিভিন্ন সময়ে উঠে এসেছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান আবার ক্ষমতায় ফেরার পর টিটিপির তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। যদিও আফগান তালেবানের সঙ্গে টিটিপির সম্পর্ক রয়েছে, সংগঠনটি পৃথকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডকে আশ্রয় হিসেবে ব্যবহার করে টিটিপির সদস্যরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এ অভিযোগ অস্বীকার করে আসছে।
নতুন এই হামলার পর দেরা ইসমাইল খান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ধরতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস