ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, তার ৯০ শতাংশ এখনো বহাল তবিয়তে রয়েছে। প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয় বলেও জানান তিনি।
বুধবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এসব জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
রাশেদ খান বলেন, 'দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট রয়েছে। ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গত ১৫ মাসে ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হয়েছে।'
তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর হয়ে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোও বাতিল করতে হবে।'
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক বিবৃতি প্রদান করেন। পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।