পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে জরুরি কল পান তারা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে উদ্ধারকারী দল।
তিনি বলেন, 'ঘটনাস্থল থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে পৌঁছানোর পর আরও ছয়জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার নয়জনের মধ্যে সাতজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।'
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নারী ও শিশুসহ ওই পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। তারা সবাই শ্রমজীবী এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন। আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।