বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন হয়েছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় সরবরাহ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন হিসাব তৈরি হয়েছে। এর প্রভাবেই বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে।
বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৩ সেন্ট বা ০ দশমিক ৮৬ শতাংশ কমে ১০৭ দশমিক ৮২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৮৬ ডলারে নেমে আসে।
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের দুই বেঞ্চমার্কেই তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছিল। সৌদি আরবের ইয়ানবু টার্মিনালে তেল খালাস বন্ধ থাকা এবং ইউরোপে দেশটির অপরিশোধিত তেল সরবরাহ কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। এতে তেলের দাম ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এদিকে লোহিত সাগরমুখী ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব ইয়ানবু টার্মিনালে তেল পরিবহন বন্ধ রাখে। ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। তবে যুক্তরাষ্ট্রের তেলের মজুত বৃদ্ধির তথ্য সেই উদ্বেগের কিছুটা ভারসাম্য তৈরি করেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, একদিকে মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধি- দুই ধরনের বিপরীতমুখী সংকেত বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারে দামের ওঠানামায় প্রভাব ফেলছে।
সূত্র: আল জাজিরা
সদ্য সংবাদ/এসকে