সরকারের চলতি মেয়াদে সবচেয়ে বড় পরিসরের একনেক সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকালে সচিবালয়ে শুরু হওয়া এ বৈঠকে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এ সভা শুরু হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা।
বৈঠকে উপস্থাপিত ১৬টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।
প্রকল্প ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন বা অন্যান্য উৎস থেকে আরও ৭২ কোটি ৪৭ লাখ টাকা সংগ্রহের কথা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প।
বর্তমান সরকারের মেয়াদে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা। বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসকে