রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার বহু বছর ধরেই দেখে আসছি। ফ্যাসিস্ট আমলে তো ভোট দিতেও পারেনি মানুষ। ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন।'
তিনি বলেন, 'নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন। সেটি আমরা দেখতে চাইলেও দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে, কীভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে।'
এনসিপি আহ্বায়ক বলেন, 'যে প্রক্রিয়ায় জুলাই সনদ নিয়ে দরকষাকষি চলছে, তাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। তারা এই নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতার নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনায় আছে। এধরনের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।'