নারায়ণগঞ্জ-৫আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মো. মাসুদুজ্জামান মাসুদ দলীয় নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে মো. মাসুদুজ্জামান মাসুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার উদাত্ত আহ্বান—ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে দলীয় বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন এবং ধানের শীষের পক্ষে একযোগে কাজ করুন।”
তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মূলনীতির কথা বলেছেন—‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় ঐক্য ও জনগণের সমর্থনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রকামী শক্তির বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।