জাতীয় নিরাপত্তা গোয়েন্দা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনী জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে একটি দল ছমদর পাড়া থেকে ফখরুদ্দিনকে আটক করে। আটকের পর তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তাকে ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন। এ সময় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত একাধিক ভুয়া ছবি এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ থেকে বিভিন্ন ছবি ও কার্ড উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি করেছিলেন। পরে তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।