জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামালসহ আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের আইনের আওতায় আনার ব্যাপারে তিনি আশাবাদী। তিনি জানান, ভারত ইতোমধ্যে মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করছে।
প্রেস সচিব আরও লিখেন, ‘ঢাকার কসাই’ নামে পরিচিত আসাদুজ্জামান খাঁন কামালকে দ্রুতই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তার দাবি, জুলাইয়ের ঘটনাসহ শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো সামনে এলে কামালের ভূমিকা আন্তর্জাতিক মহলের আরও নজর কাড়বে।
তিনি আরও বলেন, কামালসহ যেসব আওয়ামী লীগ নেতা দায়িত্ব এড়াতে অর্থ বা প্রভাব ব্যবহারের চেষ্টা করছেন, শেষ পর্যন্ত তাদের পলায়নের সুযোগ থাকবে না। জাতি হিসেবে গণহত্যার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে দায়ীদের পরিণতি এড়ানোর পথ সংকুচিত হবে। তার ভাষায়, “এটি কামালকে দিয়ে শুরু হবে, এরপর অন্যরা।”