চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ইমাম হোসেন ছাড়াও হৃদয় (২৫) ও রানা (২৭) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন বাগানে কিশোরীকে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে তারা চলে যায়।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তদন্তে অভিযুক্ত ব্যক্তির জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।