১৯ দিনের ব্যবধানে আবারও খোলা হয়েছে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স। দিনব্যাপী প্রকাশ্যে অর্থ গণনা শেষে দানবাক্স থেকে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাজারের দানবাক্স খোলা হয়। মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির তত্ত্বাবধানে দিনভর চলে অর্থ গণনার কার্যক্রম।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ গণনা করা হয়েছে। গণনা শেষে প্রাপ্ত অর্থ নির্ধারিত সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে।
মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হলো।
এর আগে গত ২২ জুন প্রথমবার প্রকাশ্যে দানবাক্স ও দানের ডেগে জমা অর্থ গণনা করে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। সেই অর্থও সোনালী ব্যাংকের বিশেষ হিসাবে জমা রাখা হয়েছিল।
মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত জুনে নতুন চারটি দানবাক্স স্থাপন, পুরোনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পাশাপাশি আর্থিক কার্যক্রম আরও আধুনিক ও স্বচ্ছ করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।