“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ সহযোগিতায় এ দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক।
দিবসটি উপলক্ষে রাজৈর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও র্যালির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসীদের অধিকার রক্ষায় সেবা প্রদানকারী বিভিন্ন দপ্তর ও ব্যাংক কর্মকর্তাদের আরও দায়িত্বশীলভাবে প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “যুব সমাজের মাঝে নিরাপদ অভিবাসন বিষয়ে ব্যাপক প্রচারণা বাড়াতে হবে, যাতে তারা অবৈধ ও অনিয়মিত পথে বিদেশে যাওয়ার ঝুঁকি না নেয়। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে ব্র্যাকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং ‘ইম্প্রুভড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা–২)’ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী অভিবাসীদের উন্নয়নে পরিচালিত কার্যক্রমেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রাজৈর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো. জালাল শেখ। তিনি বলেন, “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ—এই স্লোগানকে ধারণ করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা–২ প্রকল্প প্রবাসীদের অধিকার সুরক্ষা ও দেশে ফিরে আসা প্রবাসীদের পুনঃএকত্রীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ, আইনি সহায়তা ও বিভিন্ন সেবা প্রদানের পাশাপাশি ব্র্যাকের অন্যান্য সেবামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। এসব কাজে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলসান আরা, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সরকার, লুন্দি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও প্রবাস বন্ধু ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. শাওন করিম, আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদেশফেরত নারী-পুরুষ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।