স্থানীয়রা জানায়, রাতে ১১টার দিকে হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ থাকে। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে রাত ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে প্রথম আলোর অফিস এবং কয়েকটি আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, 'এ বিষয়ে বেশ কিছু খবর শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শহরে টহল জোরদার করেছে।