গরুর মালিক জানান, গরুটি স্বভাবতই বেশ চঞ্চল, খুব বেশি চিৎকার করে এবং খাবারের প্রতি প্রবল আগ্রহী। এই আচরণ থেকেই শখ করে এর নাম রেখেছেন ‘নাসিরুদ্দিন পাটওয়ারী’।
রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে গরুটি ও এর মালিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, হাটে দাঁড়িয়ে খামারি গরুটির নামকরণের কারণ ব্যাখ্যা করছেন।
তিনি বলেন, ‘এটার (গরু) নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী! অনেক চিল্লায় দেখে এ কারণে এই নাম রাখছি। গরুটি খাওয়ার জন্যই আরও অতিরিক্ত চিল্লায়, খাওয়া কম পড়লেই চিল্লাইতে থাকে।’
খামারি আরও জানান, বিশাল দেহের এই কালো ষাঁড়টি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেতে পারে। পাশাপাশি নিয়মিত ঘাস ও খড় তো আছেই। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। নির্ধারিত দাম পাওয়া গেলে বিক্রিও করা হবে বলে জানান তিনি।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের হাস্যরসাত্মক প্রতিক্রিয়া। অনেকেই নাম শুনে মজা করে মন্তব্য করছেন।
ফেসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, 'এত বড় নাম শুনে গরু আবার রাগ করে বসবে না তো!'
আরেকজন মন্তব্য করেন, 'খাবার বেশি পেলে এমন চিল্লামিল্লি করাই স্বাভাবিক।'
অন্যদিকে কেউ কেউ আবার নামটিকে বেশ মজার ও ব্যতিক্রমী বলেও উল্লেখ করেছেন।