বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ চিঠি পাঠিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
চিঠিতে শেহবাজ শরীফ লিখেছেন, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ ও সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকেও তিনি তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান সর্বজন স্বীকৃত এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ভূমিকাও তারা গভীরভাবে মূল্যায়ন করে।
শেহবাজ শরীফ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য প্রার্থনা করছেন, যাতে তিনি তার দল ও দেশের জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে অব্যাহতভাবে সেবা দিতে পারেন। চিঠি শেষ করেছেন সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানিয়ে।