বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্যে কোনো পরিবর্তন আসেনি এবং এ সময়ে তিনি দেওয়া চিকিৎসা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পেরেছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য বিশ্বের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। পাশাপাশি তারেক রহমানও সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের অনুমতি ও স্বাস্থ্যগত বিবেচনা অনুকূলে এলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি জানানো হবে। চিকিৎসকদের দায়িত্ব হল সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা, আর সুস্থ করার মালিক আল্লাহ—উল্লেখ করে তিনি সবার কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।