মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'
তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান সংকটময় সময়ে যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, সে সময়ে খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের উত্তরণের পথে একটি গুরুত্বপূর্ণ ও গভীর প্রভাব ফেলবে।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, 'অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন।'
তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে বর্তমান সময়ে তার মৃত্যু বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
শোকবার্তার শেষে সজীব ওয়াজেদ জয় বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।