আপাতত দেশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বর্তমানে যে চিকিৎসা পাচ্ছেন, তা তিনি গ্রহণ করছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ভবিষ্যতে প্রয়োজনে তাকে বিদেশে নেওয়া হবে কিনা—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
তিনি বলেন, চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। দেশের মানুষের তার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা ও শ্রদ্ধাবোধ রয়েছে, তাই সবাই তার বর্তমান অবস্থা জানতে চান। তবে তিনি মনে করিয়ে দেন, যেহেতু খালেদা জিয়া একজন রোগী, তাই তার কিছু নৈতিক অধিকার রয়েছে; চিকিৎসক হিসেবে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, কারণ চিকিৎসা বিজ্ঞানের নীতি তা অনুমতি দেয় না।
এ সময় তিনি দেশবাসী ও সমর্থকদের উদ্দেশে বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা রকম তথ্য ঘুরছে। খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক হলেও আবেগ প্রকাশের নামে অতিরিক্ত বা অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ জানান তিনি।