কাঁদা ছোড়াছুড়ি নয়, দেশের রাজনীতি হতে হবে পলিসিনির্ভর: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতি হতে হবে পলিসিনির্ভর। রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ির পরিবর্তে উন্নয়ন ও সমস্যা সমাধানে কার কী নীতি থাকবে এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে গঠনমূলক আলোচনা ও বিতর্ক প্রয়োজন। তবেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী, সিনিয়র সাংবাদিক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যানজটসহ সব নাগরিক সমস্যার সমাধানে দেশি-বিদেশি পেশাদার বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। এসব স্যাটেলাইট সিটির সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ থাকবে, যাতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে যাতায়াত সম্ভব হবে। এতে রাজধানীর ওপর চাপ কমবে। পাশাপাশি পুরান ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুড়িগঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নদীর তলদেশে জমে থাকা পলিথিন অপসারণ করে প্রায় দুই ফুট খনন করা গেলে বুড়িগঙ্গা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সরকার গঠনের সুযোগ পেলে কৃষির সামগ্রিক ব্যবস্থাপনা উন্নত করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার কথাও বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার সময় এসেছে, যেখানে সব নাগরিক তার প্রাপ্য মর্যাদা পাবে। নির্বাচনকে কেন্দ্র করে কিছু দলের কর্মীদের বিরুদ্ধে গ্রামের নারীদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ তুলে তিনি একে নিন্দনীয় কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে—এটাই বিএনপির প্রত্যাশা।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দায়িত্ব পেলে সবাই এই কার্ড পাবে, তবে মূলত দরিদ্র পরিবারের সদস্যরাই এটি ব্যবহার করবেন। যারা স্বচ্ছল এবং যাদের প্রয়োজন নেই, তারা নিজেরাই এই কার্ড ব্যবহার করবেন না—এমনটাই তিনি আশা করেন।

স্বাধীন গণমাধ্যমের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ডিআরইউ’র নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন থাকলেও কর্মক্ষেত্রে তার প্রতিফলন না ঘটানোই পেশাদারিত্বের পরিচয়। তিনি আরও বলেন, গণতন্ত্র অনুপস্থিত থাকলেও ডিআরইউ নিয়মিতভাবে নির্বাচন আয়োজন করে আসছে, যা অবশ্যই প্রশংসার যোগ্য।

মতবিনিময় শেষে ডিআরইউ’র পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পারিবারিক মিলনমেলায় সপরিবারে উপস্থিত থাকার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও প্রকাশনা সামগ্রী তাঁর হাতে তুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা