তিনি আরও বলেন, 'সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলকেও অনুরোধ জানাচ্ছি তারা যেন পাঁচজন সদস্য মনোনয়ন দেয়। এরপর দুই পক্ষের ১০ সদস্যের এই কমিটি একসঙ্গে বসে আলোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে। বাস্তবসম্মত পরামর্শ হলে তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।' প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির প্রধান হিসেবে ঘোষণা করেন।
জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলমান অধিবেশনে এ ঘোষণা দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতার উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনার ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক ইস্যু এবং বিশ্বের বিভিন্ন দেশই এর প্রভাব মোকাবিলা করছে।'
তিনি আরও বলেন, 'সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলকেও অনুরোধ জানাচ্ছি তারা যেন পাঁচজন সদস্য মনোনয়ন দেয়। এরপর দুই পক্ষের ১০ সদস্যের এই কমিটি একসঙ্গে বসে আলোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে। বাস্তবসম্মত পরামর্শ হলে তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।'
প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির প্রধান হিসেবে ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধানমন্ত্রীর এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, 'বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।'
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ দেশের সব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে।
পাশাপাশি তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকেও শিগগিরই পাঁচ সদস্যের তালিকা দেওয়া হবে।