জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
শনিবার রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে নিজের একটি ছবি যুক্ত করে আহসান হাবীব লিংকন লেখেন, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে অর্জিত সুনাম ও যোগ্যতা কাজে লাগিয়ে তিনি শহীদ জিয়া ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালনায় অবদান রাখতে চেয়েছিলেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
এ বিষয়ে আহসান হাবীব লিংকন গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) বিএনপির সঙ্গে জোটে ছিল। এবারের নির্বাচনের জন্য তারা ছয়টি আসনের নাম প্রস্তাব করেছিল। পিরোজপুর-১ আসন দলের চেয়ারম্যানের জন্য নির্ধারিত থাকলেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নির্বাচন করবেন না। অন্যদিকে, ছোট ছোট কয়েকটি দলকে তিন থেকে চারটি করে আসন দেওয়া হলেও তাদের দলকে অবজ্ঞা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, তিনি দলের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠাবেন। পাশাপাশি আজই মনোনয়নপত্র সংগ্রহ করে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।