এর আগে, ড. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে দাবি করেছিলেন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন।
ড. মাহদী আমীন বলেন, 'একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা যে ভারত-চুক্তির দাবি করেছেন, তার কোনো প্রমাণ নেই এবং সম্ভবও নয়। যে তথ্য তিনি মিডিয়ায় উল্লেখ করেছেন, তার কোনো বাস্তবতা নেই।'
তিনি আরও বলেন, 'যদি ভুল তথ্যের ভিত্তিতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয়ে থাকে, তবে এটি অজ্ঞতার নিদর্শন। আর যদি জেনে জানে বলা হয়ে থাকে, তাহলে এটি রাজনৈতিক অপকৌশল। যে কোনো দিক থেকে, ভারতের সঙ্গে বিএনপির চুক্তি দাবি সম্পূর্ণ অপপ্রচার।'
ড. মাহদী আমীন বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে বলেন, 'বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মূল দর্শন—‘সবার আগে বাংলাদেশ’। তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবিতে ধারাবাহিক আন্দোলন ও সমাবেশ আমাদের রাজনীতির বাস্তব চিত্র।'