ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। শুনানিতে কমিশন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র পুনরায় যাচাই করে বৈধ ঘোষণা করে।
এর আগে গত ৩ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে ৫ হাজার ৩৯৬ জন ভোটারের তথ্য ক্রস চেক করা হয়। এ সময় একজন ভোটারের তথ্যগত অমিল ত্রুটি দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শুভর প্রার্থিতা বাতিল করেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট ওই ভোটার স্বশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে তার ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, “আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন বিষয়টি সঠিকভাবে যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।”
তিনি জামালপুর-৩ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চান।
উল্লেখ্য, এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।