ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার মরদেহ অবশেষে তার বাড়িতে পৌঁছেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে মরদেহবাহী গাড়ি তার গ্রামের বাড়ির সামনে পৌঁছালে এলাকাজুড়ে কান্নার রোল পড়ে। পরিবারের সদস্য ও স্বজনরা চোখের জল ফেলে সাগরের মরদেহ কাঁধে করে উঠানে নিয়ে আসেন। তাকে শেষবারের মতো দেখার জন্য গ্রামবাসী ভিড় জমায়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্যান্বেষণে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি নিখোঁজ হন। নিখোঁজের কয়েকদিন পর গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহটি একটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়।
সাগর বালা রাজৈরের পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। তার মরদেহ পারিবারিকভাবে শেষকৃত্যের প্রস্তুতি চলছে। জানা গেছে, ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় তাকে হত্যা করা হয়।