অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলার রায় ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
তিনি আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং একই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেগুলো হলো জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা, জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।