পোস্টে তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। তার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জন্য বহু মানুষ আমাকে অনুরোধ করেছিল। সে সময় আমি সরকারে দায়িত্ব পালনকালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আশ্বাস দিয়েছিলাম এবং আশা করেছিলাম অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন হবে।'
তবে তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে এখনো এই মামলার বিচার শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরের ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেন।

তিনি বলেন, 'সিআইডির তদন্ত শেষে নতুন করে অভিযোগপত্র দাখিল হলে এবং তাতে আর নারাজি না এলে বিচার শুরু হতে পারবে। তবে তদন্তে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে বাদী আবারও নারাজি দিতে পারেন, সেক্ষেত্রে বিচার আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'
নারাজি অগ্রাহ্য করে বিচার শুরু করা হলেও তা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, 'অনেক সময় সাধারণ মানুষের কাছে তদন্ত ও বিচার প্রক্রিয়া সহজ মনে হলেও বাস্তবে তা বেশ জটিল। তবে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা থাকলে এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।'