গণভোটে ‘না’ প্রচারণা চালানোর অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুর মহানগর জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের রংপুরে আগমন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন। তিনি বলেন, গণভোটে ‘না’ এর পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি জুলাই আন্দোলনের বিপক্ষে গেছে। তার দাবি, ফ্যাসিবাদ কায়েমে সর্বাত্মক সহযোগিতা করেছে জাতীয় পার্টি।
মাওলানা মমতাজ উদ্দিন আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। সংবাদ সম্মেলনে আগামীকাল রংপুর টাউন হলে আয়োজিত জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অংশ নেবেন বলেও জানানো হয়।