নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের ভুয়া পোলিং এজেন্ট হিসেবে ভোটকক্ষে অবস্থানের অভিযোগ উঠেছে। এ সময় তাকে গলায় প্রতীকের দুটি কার্ড ঝুলিয়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ নম্বর ভোটকেন্দ্রে। অভিযুক্ত ব্যক্তির নাম ফখরুল। তবে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, তিনি ওই ব্যক্তিকে চিনতেন না।
নিজেকে ফখরুল পরিচয় দিয়ে ওই ব্যক্তি দাবি করেন, তিনি বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট। গলায় কার্ড ঝুলিয়ে থাকার বিষয়ে তার কিছু জানা নেই বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং কোনো প্রভাব বিস্তার করা হচ্ছে না।
তবে ভোটকক্ষে প্রবেশের সময় ফখরুলকে ধানের শীষ প্রতীকের দুটি কার্ড গলায় ঝুলানো অবস্থায় পাওয়া যায়। বিষয়টি স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হক বলেন, বহিরাগত ওই ব্যক্তির পোলিং এজেন্ট হওয়ার বিষয়টি তার জানা ছিল না এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোটকক্ষে বসে গলায় কার্ড ঝুলিয়ে প্রচারণার বিষয়ে তিনি বলেন, এটি আইনসিদ্ধ নয় এবং কেউ এমনটি করতে পারেন না। পরে ভুল স্বীকার করে ফখরুলকে গলায় ঝুলানো কার্ড খুলে ফেলতে বলেন তিনি।
যদিও প্রিজাইডিং কর্মকর্তা বহিরাগত ব্যক্তির এজেন্ট হওয়ার বিষয়ে অজ্ঞতার কথা বলেন, তার সরবরাহ করা পোলিং এজেন্ট ফরমে ফখরুল নামের কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। এছাড়া দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ ও ৮৭ নম্বর ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াতের পাঁচজন পোলিং এজেন্টের ফরমে কোনো ছবি ও নাম লেখা ছিল না। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হক নিজেই সেখানে নাম লিখে দেন। সূত্র: স্টার নিউজ