বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে মাইনুল ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুল ইসলাম আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সে নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনভর মাইনুলকে আশপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে তার বন্ধুদের জিজ্ঞাসা করলে জানা যায়, সে কুমিল্লা রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেন থেকে নামতে গিয়ে নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিশ্চিত করে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন (গেন্দু) জানান, বৃহস্পতিবার সকালে আখাউড়া থেকে কুমিল্লা যাওয়ার পর মহানগর প্রভাতী ট্রেন থেকে নামার সময় গাড়ির নিচে কাটা পড়ে শিশুটি মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন।