গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাস করেছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ। যদিও হামাস এই প্রস্তাবটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিকল্পনা অনুযায়ী গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন করা হবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, বেশকয়েকটি দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি তারা। নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াসহ ১৩টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।
তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস জানিয়েছে, পরিকল্পনাটি গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে। এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণও করতে পারবেনা।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, আইএসএফ-এর কাজ হবে গাজায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিষ্ক্রিয় করা। পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা।
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র জমা দিতে হবে হামাসকে। আইএসএফ ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ গঠনের কথাও বলা হয়েছে, যা এতোদিন হামাসের নিয়ন্ত্রণে ছিল।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, 'আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কাজ হবে এলাকা সুরক্ষিত রাখা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।'
সদ্য সংবাদ/এমটি