বগুড়ার ধুনট উপজেলায় একটি ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের লোকজনকে দায়ী করেছে বিএনপি। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি; বরং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
আহত মিলন মিয়া (২৬) ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। বুধবার রাত ৯টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলতে গেলে অন্ধকারে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাত করেন।
অন্যদিকে ধুনট উপজেলা জামায়াতের যুববিষয়ক সেক্রেটারি মিঠু মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে জোড়শিমুল গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে ছাত্রদল নেতা মিলন মিয়া বাধা দেন। সেই ঘটনার জের ধরে বুধবার রাত ৯টার দিকে জোড়শিমুল গ্রামে হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতা মিলন মিয়া ও তাঁর সহযোগীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতি হয়। তবে তাঁর দাবি, মিলন মিয়াকে কেউ ছুরিকাঘাত করেনি। ঘটনার পর বিএনপির কর্মীরা লাঠি হাতে গ্রামে মহড়া দেন বলেও তিনি জানান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি শুনেছেন। আহত অবস্থায় মিলন মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিজেই জানিয়েছেন যে জামায়াত কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করেছেন।
হটিয়ারপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাসির বলেন, ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।