চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইমুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট সেতু এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাজম আলী ভূঁইয়ার বাড়ির বাসিন্দা আমান উল্লাহ মাস্টারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বারইয়ারহাট বাজারের উত্তর পাশের ইউটার্নে ধুমঘাট সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান নাইমুল ইসলাম। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মামুন মাহবুব বলেন, “আমরা একটি বাসে ছিলাম। তিনি আমাদের ওভারটেক করে এরপর পেছনের দিকে হাত দিয়ে কী জানি করতে লাগলেন চলন্ত অবস্থায়। পেছনের দিকে তাকানোর কারণে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। রাস্তার ওপর মোটরসাইকেল পড়ে যায় এবং তিনি গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাইমুল ইসলাম সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন। পরীক্ষানিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতাল থেকে পুলিশ মরদেহ নিয়ে গেছে।”
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইমুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।