দগ্ধরা হলেন: শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের গ্যাস সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধ ব্যক্তিদের স্বজন হিসেবে পরিচয় দেয়া মো. মকবুল হোসেন জানান, বাসাটিতে মূলত দুই ভাইয়ের পরিবার বসবাস করতেন। সম্প্রতি বিদেশ থেকে তাঁদের আরেক ভাই চিকিৎসার জন্য দেশে এসে পরিবারসহ ওই বাসায় উঠেছিলেন। তিনটি পরিবারের সদস্যরাই এই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।