বরিশালের উজিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে না জানিয়ে কেন্দ্র ত্যাগ করেন।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্র ছাড়ার পর ওই দুই কর্মকর্তা উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে বৈঠক করেন। সেখান থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয় এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে দুজনকে বরখাস্ত করেন এবং তাদের পরিবর্তে নতুন দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন।
তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা খাবার খাওয়ার জন্য বাইরে গিয়েছিলেন এবং উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বরখাস্ত করে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রে দায়িত্ব গ্রহণের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করার কোনো বিধান নেই। নিয়ম ভঙ্গ এবং প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।