চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ধারাবাহিক সাফল্যের মধ্যেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। কাগজে-কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও মাঠের লড়াইয়ে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন স্কালোনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি ব্রাজিলের বিদায়ের প্রসঙ্গ তুলে ধরেন। নরওয়ের কাছে ২–১ গোলে হেরে ব্রাজিলের বিদায়কে বিশ্বকাপের অনিশ্চয়তার বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
স্কালোনি বলেন, ‘এটি টুর্নামেন্টের কঠিন বাস্তবতা তুলে ধরে। নরওয়ে খুবই ভালো দল। দ্বিতীয়ার্ধের শুরুতে এনদ্রিক গোল করতে পারলে আজ হয়তো ভিন্ন আলোচনা হতো। কিন্তু ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আমাদের সঙ্গেও এমন হতে পারত, এই বিশ্বকাপে যেকোনো দলের ক্ষেত্রেই তা সম্ভব।’
তিনি শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে নিজেদের কঠিন ম্যাচের কথাও স্মরণ করেন। স্কালোনির ভাষ্য, ‘কেপ ভার্দের বিপক্ষে দল যদি সেই দৃঢ়তা ও লড়াকু মানসিকতা না দেখাত, তাহলে আমরাও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতাম। ভালো খেলতে না পারলে কিংবা দলের মধ্যে সেই মানসিকতা না থাকলে বিদায় অবশ্যম্ভাবী।’
বিশ্বকাপের প্রতিযোগিতামূলক চিত্র তুলে ধরে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই আসর সবার জন্যই কঠিন হয়ে উঠেছে। এমন কোনো দল নেই, যারা এককভাবে আধিপত্য দেখাচ্ছে। শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে, স্পেনও পর্তুগালের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিটি দলই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে, কারণ প্রতিপক্ষরাও দারুণ খেলছে।’
মিশরকে নিয়েও যথেষ্ট সতর্ক স্কালোনি। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্ক আছি। মিশর খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং কোচও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সালাহ অসাধারণ ফুটবলার। তাঁর বিপক্ষে খেলাটা আনন্দের হলেও আমরা সবসময় পুরো দলকে বিবেচনায় রেখেই পরিকল্পনা করি।’