দেশের চার অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে স্থানীয়ভাবে আবহাওয়ার পরিস্থিতি সাময়িকভাবে বৈরী হয়ে উঠতে পারে।
এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে