ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা আদালতপাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মো. রাব্বি (২১)। তার গ্রামের বাড়ি উপজেলার শাহবাজপুর গ্রামে হলেও বর্তমানে পৌরসদরের মাঝিকারা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে রাব্বিকে নবীনগর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. বিল্লাল হোসেন জানান, “আমরা চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ তিন রাউন্ড গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি লম্বা একটি যুবক পিস্তল হাতে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে দেখি রাব্বি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।”
তিনি আরও বলেন, পিস্তলধারী যুবককে কেউ চেনেনি এবং তাৎক্ষণিকভাবে ঘটনার কারণও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচর মাঠে আগে একটি মারামারির ঘটনায় সালিশ চলছিল। সেখানে রাব্বি ও তার কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার সময় কালীবাড়ি মোড়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
নবীনগর হাসপাতালের চিকিৎসক অংকন রায় জানান,“রাব্বির বাম পাশের পাঁজরে গুলির ছিদ্র পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লায় রেফার করা হয়েছে।”
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন,“ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”