ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন টুটুল মিয়া ও শিহাব উদ্দিন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, টুটুল মিয়ার পায়ে ২০–২৫টি রাবার বুলেট এবং শিহাবের হাত ও পায়ে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। দুজনই শঙ্কামুক্ত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন টুটুল মিয়া। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং পাশে থাকা শিহাব উদ্দিনের হাত ও পায়ে গুলি লাগে।
আহত টুটুল মিয়া জানান, “দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামের একজন আমাকে গুলি করেছে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমার দাবি, শাকিলের অপকর্মের প্রতিবাদ করায় এই হামলা হয়েছে।”
শিহাব উদ্দিন বলেন, “পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম, হঠাৎ আমার হাত-পায়ে গুলি লাগে। কী হচ্ছে দেখতে এগোতেই হামলাকারী আমাকে লক্ষ্য করে গুলি করতে চাইলে আমি সরে যাই।”
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ই আবেদীন সিফাত জানান, “একজনের পায়ে ২০–২৫টি রাবার বুলেট রয়েছে। তবে দুজনই শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা তদন্ত চলছে।”
সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল