ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এখনো অনেক আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনেও এখনো বিএনপির কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিকে ঘিরে গুঞ্জন চললেও ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী।
এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সবার দোয়া ও সমর্থন চাইছেন মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী। সংসদে গিয়ে এলাকার প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যেই তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা শুরু করেছেন।
মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী বাঞ্ছারামপুর উপজেলার ১৩ নম্বর মানিকপুর ইউনিয়নের উলুকান্দী গ্রামের সন্তান। তিনি বর্তমানে গণঅধিকার পরিষদের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকায় তাঁর উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে ট্রাক প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে বাঞ্ছারামপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ঢাকার মিডিয়াতেও তিনি আলোচিত মুখ হয়ে উঠেছেন।
নির্বাচন প্রসঙ্গে মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী বলেন, “আমি বাঞ্ছারামপুরকে নিয়ে স্বপ্ন দেখি। এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। সবার সমর্থন পেলে সংসদে গিয়ে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। বাঞ্ছারামপুরকে সারা দেশে ভিন্নভাবে পরিচিত করে তুলতে চাই। আগামী নির্বাচনে আমি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনারা আমার পাশে থাকবেন।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মনোনয়ন পান এম. এ. হান্নান। ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনয়ন পান ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন দেওয়া হয় আব্দুল মান্নানকে। আর ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে কে মনোনয়ন পাবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী ইতোমধ্যে ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।