২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মিশর। তবে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করলেও দেশে ফিরে বীরের সম্মান পাচ্ছেন দলটির ফুটবলাররা। এবার তাদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাবতুর।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া ঘোষণায় তিনি জানান, মিশর জাতীয় দলের পুরো প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যকে একটি করে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়া হবে। এই উপহারের আওতায় খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম ও প্রশাসনিক কর্মকর্তারাও থাকবেন।
আল হাবতুর গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে মিশরের সম্মানজনক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির সাফল্য শুধু মিশর নয়, পুরো আরব বিশ্বকে গর্বিত করেছে বলেও উল্লেখ করা হয়।
খালাফ আহমেদ আল হাবতুর বলেন, “আজ মিশরের আনন্দই সমগ্র আরব বিশ্বের আনন্দ। আন্তর্জাতিক মঞ্চে যারা আরবদের পতাকা উঁচুতে তুলে ধরে, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “এই উপহার আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। আপনারা দেশকে গর্বিত করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।”
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ জিতে ইতিহাস গড়ে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় পায় দলটি। যদিও শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়, তবুও এটিই বিশ্বকাপে মিশরের সেরা অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।