প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়। তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়কে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. সাইফুল ইসলাম জয় ইয়োফাসের সেক্রেটারি এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি প্রশংসা পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে