ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এ ছাড়া এই সংঘাতে আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। রোববার নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) তাদের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষমতাসীন সরকার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ১৯২ জনে দাঁড়িয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, বিক্ষোভে ৫১ জন নিহত হয়েছেন। নতুন তথ্য অনুযায়ী, সেই সংখ্যায় বড় ধরনের বৃদ্ধি ঘটেছে।
এদিকে বাইরের শক্তির মদদে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা ছড়াচ্ছে—এমন অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ।
ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ১৯২ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, কয়েক দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও জনগণের দাবি নিয়ে বক্তব্য দেবেন। রাষ্ট্রীয় সম্প্রচারে তিনি বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় ও সরকারের পরিকল্পনা তুলে ধরবেন।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, জাতীয় গণমাধ্যমের সঙ্গে এক কথোপকথনে প্রেসিডেন্ট ভর্তুকি ব্যবস্থার সংস্কারে সরকারের প্রধান অর্থনৈতিক পরিকল্পনার অগ্রগতি, সাম্প্রতিক ঘটনাবলি এবং জনগণের দাবির প্রেক্ষিতে সরকারের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকারটি রোববার পরে সম্প্রচার করা হবে।
এদিকে ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী কঠোর অভিযান শুরু করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার জানান, সফররত জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্টকে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার এখনই সময়।
সূত্র: এএফপি।