পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এগিয়ে রয়েছেন। এ আসনে তার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসান মামুন নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন-ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।’
এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
নির্বাচন চলাকালে দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও এসেছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।