স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে পশ্চিমপাড়ার বোরহান মিয়া পূর্বপাড়ার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। লেনদেনে দেরি হওয়ায় বোরহান মিয়া ক্ষুব্ধ হয়ে শিহাবকে গালাগাল করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
রোববার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান ও ইয়াসিনসহ কয়েকজন বন্ধুকে নিয়ে পশ্চিমপাড়ায় যান। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বোরহান ও শিহাবের মধ্যে পুনরায় তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বোরহান তার সমর্থকদের নিয়ে শিহাব ও তার বন্ধুদের ওপর হামলা চালান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর পশ্চিমপাড়ার বাসিন্দাদের সঙ্গে পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতে লোডশেডিং থাকায় আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।