বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনী বুথ ভাঙচুর ও দলটির এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর অভিযোগ, দুর্বৃত্তরা তাদের নির্বাচনী বুথে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও ভোটার তালিকা পুড়িয়ে দেয়। এ সময় দলটির অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয়। ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে দলটি।
বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, “দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনী বুথে হামলা চালানোর পর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে তুলে নিয়ে গেছে। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভাঙচুর হওয়া বুথের চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে করা অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।