বগুড়া-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলায় আহত ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী অফিসে বিএনপির লোকজন হামলা চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করেনি বলে জানানো হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন শাখার আমির মোফাজ্জল হোসেন এসব অভিযোগ করেন। এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়। বিএনপি-সমর্থিত একদল দাঙ্গাবাজ ও ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী অফিসে হামলা চালায়।

এই বর্বর হামলায় জামায়াতে ইসলামীর কিচক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহ জালাল, সমর্থক মো. রশিদুল ইসলাম ও মো. আবু তাহের গুরুতরভাবে আহত হন। তাঁদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে শাহ জালালকে গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। পাশাপাশি নির্বাচনী অফিস ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ, সেনাবাহিনী এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা সম্পর্কে অবগত হন।

তিনি আরও অভিযোগ করেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলেও ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা এই ঘটনার মাধ্যমে নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন অভিযোগ করেন, শিবগঞ্জে জামায়াত প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আমরা অশান্তি চাই না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন।

সংবাদ সম্মেলনে বগুড়া-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী