নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলা ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই জেলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার বেলা ১১টার দিকে সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হন। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে লক্ষ্মীপুরেও নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চ বিদ্যালয়, মেঘনা বাজার সংলগ্ন একটি কেন্দ্র, ভবানীগঞ্জ এবং লক্ষ্মীপুর-২ আসনের বিজয়নগর উচ্চ বিদ্যালয় ও হাসন্দিসহ কয়েকটি স্থানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।