আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দীন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তিনি রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহড়া ও প্রশিক্ষণ পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
পরিদর্শনকালে নির্বাচন কমিশনারবৃন্দ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়া পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন পরিচালনায় বিজিবির পেশাদারিত্ব, নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করেন।
এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের দক্ষতা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বিজিবি মহাপরিচালক, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, জুনিয়র কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও অন্যান্য ইউনিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
সিইসি নাসির উদ্দীন বলেন, 'প্রত্যেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। ভোটে আইন-শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।'
তিনি আরও বলেন, 'আমার মনে হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে এসেছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।'
ভোট প্রতিহতের হুমকিকে ইসি আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন, 'যারা ভোট প্রতিহত করতে চাইবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'