আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী সিলেট থেকেই তার নির্বাচনি প্রচারণা শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রমের সূচনা হবে। বিএনপির আগের নেতারাও ঐতিহ্যগতভাবে সিলেট থেকেই প্রচারণা শুরু করে আসছেন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই ঘটনার ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।
ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন হওয়ায় একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে ২২ জানুয়ারি থেকে সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।